
পর্যটন সংবাদ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগের ক্ষমা চাওয়া বা অনুশোচনার বিষয়টি শুধুমাত্র বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্কিত, কোনো এনজিও বা বাহ্যিক গোষ্ঠীর সঙ্গে নয়। শনিবার (৯ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলে প্রকাশিত একটি প্রতিবেদন শেয়ার করে তিনি এই মন্তব্য করেন।
জয় লেখেন, “আওয়ামী লীগ জনগণের দল, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল। আওয়ামী লীগ সবসময় জনগণের কাছেই ফিরে যাবে।”
এর আগে ডয়চে ভেলে-এর প্রতিবেদনে দলের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে উদ্ধৃত করে বলা হয়, ৫ আগস্টকে কেন্দ্র করে যদি ক্ষমা চাওয়ার প্রয়োজন হয়, তা বাংলাদেশের জনগণের সঙ্গেই হবে।
ক্ষমা চাওয়ার প্রসঙ্গে আরাফাত বলেন, গত এক বছরে যারা হত্যা করেছে, তারা কি অনুশোচনা করেছে? আর ৫ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারের প্রতিশ্রুতিও আওয়ামী লীগ দিয়েছিল। তার অভিযোগ, “যারা আওয়ামী লীগের কাছে ক্ষমা চাইতে বলছে, তারাই হত্যাকারীদের দায়মুক্তি দিয়েছে এবং মব সন্ত্রাসে সমর্থন দিয়েছে।”
আরাফাত আরও দাবি করেন, “আওয়ামী লীগ চাইলে ক্ষমতায় থাকতে পারত, কিন্তু তা হলে আরও রক্তপাত হতো। মানুষের স্বার্থে আমরা ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।”



