
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে আগামীকাল সোমবার (২৩ জুন) সচিবালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করবেন। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মবিরতি চলবে বলে জানানো হয়েছে।
রোববার (২২ জুন) সচিবালয়ের অভ্যন্তরে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে এ ঘোষণা দেন সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম। তিনি বলেন, “এই কালো আইন মানি না, মানব না। আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
অর্থ মন্ত্রণালয়ের নিচ থেকে সকাল ১১টা ১৫ মিনিটে শুরু হওয়া বিক্ষোভ মিছিল সচিবালয়ের বিভিন্ন ভবনের সামনে প্রদক্ষিণ করে। বিক্ষুব্ধ কর্মচারীরা এ সময় ‘অবৈধ কালো আইন মানি না, মানব না’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদী কালো আইন মানি না’, ‘আপস নয়, লড়াই চাই’, ‘সারা বাংলার কর্মচারী এক হও’—সহ নানা স্লোগানে সচিবালয় প্রাঙ্গণ প্রকম্পিত করে তোলেন।
সচিবালয় সূত্রে জানা গেছে, কর্মচারীরা মনে করছেন, সংশোধিত এই অধ্যাদেশটি সরকারি চাকরিজীবীদের অধিকার সংকুচিত করবে এবং পদোন্নতি ও চাকরির নিরাপত্তার ক্ষেত্রে বৈষম্য তৈরি করবে।
সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচির ধারাবাহিকতা বজায় থাকবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
-পর্যটন সংবাদ ডেস্ক



