
সাপ্তাহিক ছুটির দিন হলেও শনিবার (১৭ মে) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। ফলে সব ধরনের আর্থিক লেনদেন করতে পারবেন গ্রাহকেরা। খোলা থাকবে পুঁজিবাজারও।
সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক ও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
প্রধানত ঈদুল আজহাকে উপলক্ষ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ মে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী ১৭ ও ২৪ মে দাফতরিক কাজের স্বার্থে সাপ্তাহিক ছুটির দিনেও (শনিবার) স্বাভাবিক সময় অনুযায়ী অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে আজ ১৭ মে দেশের সব তফসিলি ব্যাংক স্বাভাবিক কর্মদিবস অনুযায়ী সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।
এ ছাড়া আজ দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবসাকেন্দ্র, শাখা এবং বুথও খোলা থাকবে। আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩ এর ৪১ (২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।
এদিকে, অন্যান্য কর্মদিবসের মতো পুজি বাজারেও লেনদেন চালু থাকবে স্বাভাবিক ভাবেই। সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত পুজি বাজারে লেনদেন অব্যাহত থাকবে।



