
পর্যটন সংবাদ ডেস্ক: প্রায় ছয় বছরের সংসার জীবনের ইতি টেনেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। দীর্ঘদিনের সঙ্গী মোহাম্মদ ইফতেখার গহিনের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন কনা।
গত ১৬ জুন আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। তবে ২৫ জুন (বুধবার) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে এই খবর জানান কনা। সেখানে তিনি লেখেন— “জন্ম, মৃত্যু, বিয়ে সবই আল্লাহর ইচ্ছায় হয়। তেমনি বিচ্ছেদও তাঁর ইশারায়ই ঘটে।”
স্ট্যাটাসে কনা জানান, “দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পরে আমাদের এই বিচ্ছেদ হয়। এটি আমাদের উভয়ের জন্যই অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল। তবে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি। আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকব এবং জীবনের নতুন অধ্যায়ে শান্তি ও সম্মানের সঙ্গে এগিয়ে যেতে চাই। সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
এই মুহূর্তে নিজেকে গানের ভুবনে আরও মনোযোগী করে তুলতে চান কনা। তিনি লেখেন— “আমার গানই আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। তাই এখন আমি সম্পূর্ণভাবে গানের কাজেই মনোযোগ দিতে চাই।”
ভক্তদের উদ্দেশ্যে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি চিরকৃতজ্ঞ। আমার এই নতুন যাত্রায়ও যেন আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ পাশে পাই, সেই কামনাই করছি।”
প্রসঙ্গত, দীর্ঘ সাত বছরের প্রেমের পর ২০১৯ সালের ২১ এপ্রিল ব্যবসায়ী ইফতেখার গহিনকে বিয়ে করেছিলেন কনা।
পর্যটন সংবাদ | সংস্কৃতি ও বিনোদন বিভাগ



