
পর্যটন সংবাদ ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আগত এক যাত্রীর ব্যাগ থেকে বিপুল পরিমাণ ইলেকট্রনিক সিগারেট ও সংশ্লিষ্ট এক্সেসরিজ জব্দ করেছে জাতীয় নিরাপত্তা সংস্থা (NSI)। রবিবার (২২ জুন) ভোরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের BS-350 ফ্লাইটটি শাহ আমানত বিমানবন্দরে অবতরণের পর এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে সক্রিয় অবস্থানে থাকা এনএসআই কর্মকর্তারা সন্দেহভাজন যাত্রী মোহাম্মদ আইয়ুবকে কাস্টমস গ্রিন চ্যানেলে থামান। পরে তার ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় ২০টি ইলেকট্রনিক সিগারেট, ৪৯০টি রিফিল লিকুইড, ২৮০টি কার্টিজ এবং ৩০টি কয়েল।
উদ্ধারকৃত সামগ্রীর বাজারমূল্য প্রায় ১০ লাখ ৭৩ হাজার টাকা বলে প্রাথমিকভাবে জানা গেছে, যার মধ্যে রিফিল লিকুইডের মূল্যই আট লাখ টাকার বেশি। আটক যাত্রী মোহাম্মদ আইয়ুব চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং উল্লেখযোগ্য পরিমাণ ই-সিগারেট সামগ্রী জব্দ করা হয়েছে। এটি আমাদের গোয়েন্দা নজরদারির একটি সফল উদাহরণ।”
তিনি আরও জানান, প্রাথমিকভাবে যাত্রীকে প্রথমবারের মতো অপরাধী বিবেচনা করে যথাযথ শুল্ক ও কাস্টমস নিয়ম অনুযায়ী মালামাল জব্দ করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
বিমানবন্দরে পর্যটকবেশে এ ধরনের পণ্যের অনুপ্রবেশ কেবল আইন লঙ্ঘনই নয়, বরং পর্যটন খাতের নিরাপত্তার জন্যও হুমকি সৃষ্টি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



