শাহজালাল বিমানবন্দরে স্বজনসঙ্গী সীমাবদ্ধতা কাগজে-কলমেই সীমাবদ্ধ

নিজস্ব প্রতিবেদক, পর্যটন সংবাদ: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীপ্রতি সর্বোচ্চ দুই জন সঙ্গী প্রবেশের নির্দেশনা থাকলেও বাস্তবে তার কোন প্রতিফলন দেখা যাচ্ছে না। বিমানবন্দর এলাকায় সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, একজন যাত্রীর সঙ্গে ৪-৫ জন এমনকি আরও বেশি স্বজন ক্যানোপি এলাকা পর্যন্ত আসছেন। শৃঙ্খলা রক্ষায় নির্ধারিত বিধিনিষেধের কার্যকর প্রয়োগ অনুপস্থিত।

গত ২৭ জুলাই বিমানবন্দর কর্তৃপক্ষ এক নির্দেশনায় জানায়, যানজট ও নিরাপত্তা নিয়ন্ত্রণের স্বার্থে আগত ও গমনকারী যাত্রীদের সঙ্গে সর্বোচ্চ দুই জন সঙ্গী কেবলমাত্র ডিপারচার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপি পর্যন্ত প্রবেশ করতে পারবেন। তবে মাঠ পর্যায়ে এর কোন বাস্তবায়ন দেখা যাচ্ছে না।

বিমানবন্দরের ডিপারচার ও আগমনী ক্যানোপি এলাকায় কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনে দিয়েই যাত্রীদের সঙ্গে একাধিক ব্যক্তি প্রবেশ করছেন। এমনকি কেউ কেউ গাড়ি পার্কিং করে দল বেঁধে টার্মিনালে প্রবেশ করছেন। দেখা যায়, অনেকেই বিষয়টি সম্পর্কে জানেন না অথবা নিয়ম উপেক্ষা করেই চলছেন।

বিদেশগামী যাত্রী আব্দুল আহাদ জানান, ‘আমরা এই বিধিনিষেধ সম্পর্কে জানতাম না। কেউ কিছু বলেনি, সেজন্যই পরিবারের সবাই নিয়ে এসেছি।’ একই অভিজ্ঞতা জানালেন আশরাফুল নামে আরেক যাত্রী।

এ বিষয়ে বিমানবন্দরের দায়িত্বে থাকা এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘নিয়ম থাকলেও তা বাস্তবায়ন করা কঠিন। যাত্রী ও স্বজনদের বোঝাতে গেলে অনেকে অপ্রীতিকর আচরণ করেন, ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। এমন পরিস্থিতিতে আমরা নিরুপায়।’

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মুখপাত্র কাওছার মাহমুদ জানান, ‘নির্দেশনার উদ্দেশ্য সম্পর্কে সবাইকে সচেতন করতে কাজ চলছে। তবে এ ধরনের বিধিনিষেধ কার্যকর করতে হলে জনসচেতনতা জরুরি।’

বিশেষজ্ঞদের মতে, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে এভাবে নিয়ম না মানা নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য ঝুঁকিপূর্ণ। পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিতে কেবল নির্দেশনা নয়, তার যথাযথ বাস্তবায়নও জরুরি

Read Previous

রাজনৈতিক কর্মসূচিতে ঢাকার রাস্তায় ভোগান্তি, সময়মতো রওনার আহ্বান

Read Next

শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু, ট্রাইব্যুনালের কার্যক্রম সরাসরি সম্প্রচার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular