
কোলাজ: পর্যটন সংবাদ
পর্যটন সংবাদ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর স্ব-চালিত হুইলচেয়ার ব্যবহার করে বিমানে ওঠার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে নানা ধরনের মন্তব্য ও অভিযোগ ওঠায় বিষয়টি স্পষ্ট করতে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমানের দেওয়া তথ্য অনুযায়ী, ভিডিওতে দেখা যাওয়া যাত্রী মোহাম্মদ মহসিন বাংলাদেশ ক্রিকেট হুইলচেয়ার দলের অধিনায়ক। তিনি বাটিক এয়ারের একটি ফ্লাইটে ভ্রমণ করছিলেন এবং বিশেষ প্রযুক্তিসম্পন্ন যন্ত্রপাতি ব্যবহার করে নিজেই চলাচল করতে সক্ষম। ভিডিওতে তাকে র্যাম্প কোচ থেকে নেমে সিঁড়ি বেয়ে উঠতে দেখা যায়, যেখানে কোনও গ্রাউন্ড স্টাফের সহায়তা ছিল না।
বিমান জানিয়েছে, শাহজালাল বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান হিসেবে তারা বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য হুইলচেয়ার ও অ্যাম্বুলিফ্ট সেবা দিয়ে থাকে। তবে এই সেবাগুলো সংশ্লিষ্ট এয়ারলাইন্সের আনুষ্ঠানিক অনুরোধের ভিত্তিতেই প্রদান করা হয় এবং এর জন্য নির্ধারিত সার্ভিস চার্জ প্রযোজ্য। বাটিক এয়ার এই যাত্রীর ক্ষেত্রে এমন কোনও অনুরোধ জমা দেয়নি বলে জানিয়েছে বিমান।
বাটিক এয়ারের স্টেশন ম্যানেজারের বরাত দিয়ে বিবৃতিতে আরও বলা হয়, মহসিনকে একাধিকবার সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি নিজেই তা গ্রহণ না করে স্বাধীনভাবে চলাচলের সিদ্ধান্ত নেন। বিমান আরও উল্লেখ করেছে, ভিডিওটি যাত্রীর নিজস্ব সহকারীর মাধ্যমে ধারণ করা হয়েছে। অথচ বিমানবন্দর এলাকায় অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও কনটেন্ট তৈরি কঠোরভাবে নিষিদ্ধ।
বিবৃতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়েছে, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যভিত্তিক ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকতে। সংস্থাটি জোর দিয়ে বলেছে, যাত্রীসেবা, নিরাপত্তা এবং যাত্রীদের মর্যাদা রক্ষায় তারা সর্বোচ্চ পেশাদার মান অনুসরন করে।
এই বিবৃতির মূল উদ্দেশ্য হলো, ভাইরাল ভিডিওকে ঘিরে বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম এবং বিমানের ভূমিকা সম্পর্কে তৈরি হওয়া ভুল ধারণা দূর করা।



