
পর্যটন সংবাদ ডেস্ক : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পুনর্গঠনের অংশ হিসেবে বাহিনীটির নাম পরিবর্তন করে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ) রাখা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছেন এবং খুব শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, র্যাবের কাঠামোগত সংস্কার নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করছিল। প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আবদুল হাফিজ (অব.)-এর সভাপতিত্বে গঠিত ওই কমিটি বাহিনীর নাম পরিবর্তনের পাশাপাশি কার্যক্রমে সংস্কারের সুপারিশ করে। এসব সুপারিশ বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন পরিচয়ে এসআইএফ কাজ শুরু করবে।
তিনি আরও জানান, শুধু নাম পরিবর্তন নয়, বাহিনীটির পোশাকেও পরিবর্তন আনা হবে। পাশাপাশি অপারেশনাল কার্যক্রম, দায়িত্ব পালনের ধরন এবং জনসম্পৃক্ততার ক্ষেত্রেও সংস্কার করা হবে, যাতে বাহিনীটি আরও কার্যকর ও পেশাদারভাবে দায়িত্ব পালন করতে পারে। নতুন নাম ও কাঠামো বাহিনীর সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এদিন ব্রিফিংয়ে আসন্ন নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, নির্বাচন ব্যবস্থাপনায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ও সক্ষমতা তুলে ধরতে ঢাকা জেলার সাভারের তেঁতুলঝোড়া কলেজ ভোটকেন্দ্রে একটি ইলেক্টোরাল ম্যানেজমেন্ট এক্সারসাইজ আয়োজন করা হয়েছে। এই মহড়ার মাধ্যমে নির্বাচনে বাহিনীগুলোর ভূমিকা সম্পর্কে জনগণ স্পষ্ট ধারণা পাবে।
অন্যদিকে, সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক (অপারেশন অ্যান্ড প্ল্যান) ব্রিগেডিয়ার জেনারেল মো. আলী হায়দার সিদ্দিকী জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষায় বড় ধরনের সাফল্য এসেছে। এ সময় সশস্ত্র বাহিনী ১৯৯টি অস্ত্র, প্রায় দুই হাজার গোলাবারুদ উদ্ধার এবং ১,৮০০-এর বেশি ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
তিনি আরও বলেন, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সারাদেশে এক লক্ষের বেশি সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এ পর্যন্ত পুলিশ, র্যাব ও কারা কর্তৃপক্ষের হারিয়ে যাওয়া অস্ত্রসহ লাইসেন্সকৃত ও অবৈধ মিলিয়ে মোট ৭,৭০০-এর বেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম বিপিএমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



