১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় চাঙ্গা ডলার বাজার

দীর্ঘদিন ধরে দেশে ডলার সংকট বিরাজ করছে। সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ বাড়ায় ডলার বাজার ও আন্তঃব্যাংক মুদ্রাবাজার আবার চাঙ্গা হতে শুরু করেছে।

সম্প্রতি দেশে বাড়তি রেমিট্যান্স আসা ও ক্রলিং পেগ এক্সচেঞ্জ রেট গ্রহণের মতো কেন্দ্রীয় ব্যাংকের কিছু নীতিগত সিদ্ধান্ত আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রার লেনদেনকে স্থিতিশীল করতে সহায়তা করছে।

উচ্চ আমদানি বিল, প্রত্যাশার চেয়ে কম রেমিট্যান্স ও রিজার্ভ কমে যাওয়ায় ডলার সংকটের কারণে আন্তঃব্যাংক মুদ্রার বাজার অনেক দিন থেকেই বিশাল চাপে ছিল।

দেশের ডলারের অন্যতম প্রধান উৎস রেমিট্যান্স প্রবাহ গত জুলাইয়ে ১০ মাসের সর্বনিম্নে নেমে এসেছিল। তখন আওয়ামী লীগ সরকার শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ দমনে পাঁচ দিন ইন্টারনেট বন্ধ রাখে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর অনেক প্রবাসী দেশ গঠনে আনুষ্ঠানিক চ্যানেলে ডলার পাঠানোর প্রচারণা শুরু করলে রেমিট্যান্স আবার বাড়তে শুরু করে।

গত আগস্টে রেমিট্যান্স প্রবাহ আগের মাসের তুলনায় ১৬ দশমিক ১০ শতাংশ বেড়ে দুই দশমিক দুই বিলিয়ন ডলার হয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, চলতি সেপ্টেম্বরে প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এসেছে এক দশমিক ১৭ বিলিয়ন ডলার।

রেমিট্যান্স প্রবাহ বেশি থাকায় রিজার্ভও এখন চাঙ্গা হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় ২০ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা সম্প্রতি গণমাধ্যমকে বলেছিলেন, রেমিট্যান্স বেড়ে যাওয়ার আরেকটি সুবিধা হলো ব্যাংকগুলো এখন নিজেদের মধ্যে সহজে ডলার লেনদেন করতে পারছে।

গত ৮ মে চাহিদা ও সরবরাহের ভিত্তিতে ডলার বিনিময় হার সমন্বয়ের সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংক।

বর্তমানে ব্যাংক ও খোলা বাজারের মধ্যে ডলারের দামের পার্থক্য এক থেকে দুই টাকা। সংশ্লিষ্টরা বলছেন, ‘আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার ১১৮-১২০ টাকায় বিক্রি হলেও খোলাবাজারে ১২০ থেকে ১২১ টাকায় বিক্রি হচ্ছে।’

এ ছাড়া, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর সংকটে পড়া ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পুনর্গঠনের উদ্যোগ নেন।

রিজার্ভ থেকে ব্যাংকগুলোকে তারল্য সহায়তাও বন্ধ করে দেন তিনি।

পর্যটন সংবাদ/

 

Read Previous

‘শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত আসেনি’

Read Next

খৈয়াছড়া ঝরনায় পর্যটক প্রবেশ সাময়িক বন্ধ ঘোষণা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular