
পর্যটন সংবাদ ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আকাশপথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কাতার সরকার। সোমবার সন্ধ্যায় কাতারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল অ্যাভিয়েশন) এক সার্কুলারের মাধ্যমে এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দেয়।
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, কাতার রাষ্ট্রে অবস্থানরত নাগরিক, বাসিন্দা ও আগত অতিথিদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকারে রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমান আঞ্চলিক অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকির কারণে এই সাময়িক স্থগিতাদেশ কার্যকর করা হয়েছে। পরিস্থিতির উন্নয়ন বা অবনতির ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কাতার সরকার আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে জনসাধারণকে সরকারি চ্যানেলের মাধ্যমে তথ্য সরবরাহ করা হবে। দেশের ভেতরে ও বাইরে অবস্থানরত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, ঢাকা থেকে দোহা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং কাতার এয়ারওয়েজ। আকাশপথ বন্ধের ফলে এইসব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত হতে পারে, যা বাংলাদেশি যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে।
পর্যটন ও অভিবাসন খাত সংশ্লিষ্টরা বলছেন, এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যমুখী পর্যটক ও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত ভ্রমণকারীদের জন্য এক গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে। কাতার ভ্রমণের পরিকল্পনায় থাকা যাত্রীদের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে।
পর্যটন সংশ্লিষ্ট সব পক্ষকে কাতার সরকারের সর্বশেষ নির্দেশনার প্রতি নজর রাখার আহ্বান জানানো হয়েছে



