
ফাইল ছবি
পর্যটন সংবাদ ডেস্ক : ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের যাচাইকৃত ফেসবুক পেজে একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রকাশ করে ভিসা আবেদনকারীদের সতর্ক করে দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ভ্রমণের পরিকল্পনা করছেন এমন ব্যক্তিদের নিজেদের পুরো ভ্রমণ ব্যয় নিজস্ব আর্থিক সংস্থান থেকে বহন করার মতো প্রস্তুতি নিতে হবে। এর মধ্যে ভ্রমণে কোনো অপ্রত্যাশিত বিঘ্ন বা জরুরি চিকিৎসা খরচও অন্তর্ভুক্ত।
দূতাবাস আরও জানিয়েছে, ভিসা সাক্ষাৎকারে আসার আগে আবেদনকারীদের যথাযথ প্রস্তুতি নিয়ে আসতে হবে এবং যুক্তরাষ্ট্রে প্রবেশের পর কোনো সরকারি সাহায্যের ওপর নির্ভর না করার প্রমাণস্বরূপ প্রয়োজনীয় নথি সঙ্গে রাখতে হবে। এতে করে ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকবে বলে মনে করছে দূতাবাস।
একইসঙ্গে দূতাবাস কঠোরভাবে সতর্ক করেছে যে, ভিসা আবেদনের সময় জাল কাগজপত্র জমা দেওয়া প্রতারণা হিসেবে গণ্য হবে। এমন কাজের ফলে শুধু ভিসা প্রত্যাখ্যানই নয়, স্থায়ীভাবে ভিসা পাওয়ার অযোগ্যতাও দেখা দিতে পারে। বিশ্বের বিভিন্ন মার্কিন দূতাবাস নিয়মিতভাবে আবেদনকারীদের এ ধরনের নির্দেশিকা প্রকাশ করে অভিবাসন আইন মেনে চলতে উৎসাহিত করে।



