
পর্যটন সংবাদ ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতা আরও গভীর করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চের সঙ্গে বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দেন।
বৈঠকে ড. ইউনূস বলেন, বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে যুক্তরাষ্ট্রের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ইউএসটিআরের সাম্প্রতিক সিদ্ধান্তের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনা শুল্কহার দুই দেশের বাণিজ্য সম্পর্কের একটি বড় মাইলফলক।
দুপক্ষের আলোচনায় বাণিজ্য ঘাটতি কমানোর কৌশল, তুলা ও সয়াবিনসহ কৃষিজ পণ্য আমদানি, এলপিজি আমদানি, সিভিল এয়ারক্রাফট কেনা, মাদক নিয়ন্ত্রণ ও রোহিঙ্গা মানবিক সংকটের বিষয় উঠে আসে।
ড. ইউনূস জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত, যা ভবিষ্যতে আরও শুল্ক ছাড়ের সুযোগ সৃষ্টি করবে। চলমান দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির খসড়া দ্রুত সই হওয়ার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় তিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১১ দফা শ্রম কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন এবং আন্তর্জাতিক শ্রমমান রক্ষার প্রতিশ্রুতি দেন।
স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগ এবং স্বল্পসুদে ঋণপ্রবাহ বাড়ার আশাবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের বাজার আরও উন্মুক্ত করা হবে।
যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চ বাংলাদেশের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকের মাধ্যমে আলোচনার যে ধারা শুরু হয়েছিল, তা এখন আরও ফলপ্রসূ হয়েছে। তিনি শুল্কচুক্তি ও ক্রয় প্রতিশ্রুতিগুলো সময়মতো বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, ইউএসটিআর দক্ষিণ এশিয়া পরিচালক এমিলি অ্যাশবি, এসডিজিবিষয়ক সিনিয়র সচিব লামিয়া মুরশেদ, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।



