
পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে চিহ্নিত মাদক কারবারি নাসিমসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে বসিলা ও জেনেভা ক্যাম্প এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এসময় মোট ১ হাজার ৫০০ পিস ইয়াবা, সিসিটিভি ক্যামেরা ও একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— নাসিম (৪৫), কালু (৫০) ও আসিফ (২৫)। সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা জানান, প্রথমে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বসিলা এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ কালু ও আসিফকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে মাদক কারবারের মূল হোতা নাসিমকে তার বাসা থেকে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, নাসিমকে ধরতে এর আগে একাধিকবার চেষ্টা করা হলেও ক্যাম্পে প্রবেশের খবর পেয়ে সে পালিয়ে যেত। তবে এবার বিশেষ কৌশলে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তল্লাশিতে নাসিমের বাসা ও আশপাশ থেকে তিনটি সিসিটিভি ক্যামেরা উদ্ধার করা হয়, যা মোবাইলের সঙ্গে সংযুক্ত ছিল। ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণে এই ক্যামেরা ব্যবহার করা হতো। এছাড়া আটটি অ্যান্ড্রয়েড ফোন ও পাঁচটি বাটন ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে রাতে তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



