
পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকা ও আশপাশের এলাকায় আজ (শনিবার) তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে গরমের অনুভূতিও কিছুটা বেড়ে যাবে। সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৯৭ শতাংশ। দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এর আগে গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, সকাল ৯টার মধ্যে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এ ছাড়া সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এমন আবহাওয়ায় রাজধানীবাসী ও ভ্রমণপ্রিয়দের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বাইরে বের হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।



