১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে কোটি টাকার বেশি নগদ, অস্ত্র ও মাদক উদ্ধার

পর্যটন সংবাদ ডেস্ক: মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে কুখ্যাত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় যৌথবাহিনীর অভিযানে নগদ ১ কোটি ১৩ লাখ টাকা, ককটেল বোমা, বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানে ১৩টি তাজা ককটেল বোমা, ২৫টি আধা প্রস্তুত ককটেল, ৪০০ গ্রাম গানপাউডার, ২টি সামুরাই তলোয়ার, ১২টি হকিস্টিক, ২৯টি হেলমেট, ২টি ড্রাগন লাইট, ১১ কেজি গাঁজা, ১২ প্যাকেট হেরোইন, নগদ অর্থ এবং একটি টাকা গণনার মেশিন উদ্ধার করা হয়।

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই রাতে সোহেলকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালানো হয়। তবে বাহিনী পৌঁছানোর পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আসামিরা অন্ধকারে পালিয়ে যায়। সংকীর্ণ গলি ও লাগোয়া ভবনের কারণে তাকে আটক করা সম্ভব হয়নি।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বুনিয়া সোহেলের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক ও মাদকসহ ৩৮টি মামলা রয়েছে। এ বছরের শুরুতে গ্রেপ্তার হলেও ছয় মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পায় সে। এরপর পুনরায় অপরাধমূলক কার্যক্রম শুরু করে।

দুই দিন আগে জেনেভা ক্যাম্পে একটি হত্যাকাণ্ডে সোহেলের ১৩ সহযোগী গ্রেপ্তার হলেও সে পালিয়ে যায়। সেনাবাহিনী জানিয়েছে, সোহেল ও তার সহযোগীরা ধরা না পড়া পর্যন্ত অভিযান চলবে। উদ্ধারকৃত সব মালামাল আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Read Previous

হান্টার বাইডেনকে ১ বিলিয়ন ডলারের মামলা করার হুমকি মেলানিয়া ট্রাম্পের

Read Next

বঙ্গোপসাগরে লঘুচাপ, উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular