
পর্যযটন সংনাদ ডেস্ক: মালদ্বীপ মানেই যেন বিলাসবহুল রিসোর্ট, চোখধাঁধানো জলরাশি আর হাতছানি দেওয়া সাদা বালুর সৈকত। তবে এই রূপকথার জগতে যারা একটু কম খরচে স্বর্গসুখ পেতে চান, তাদের জন্য আদর্শ এক গন্তব্য মাফুশি আইল্যান্ড। রাজধানী মালের দক্ষিণে অবস্থিত ছোট্ট এই দ্বীপটি মাত্র ১.২ কিমি দীর্ঘ এবং ০.২৬ কিমি প্রস্থের হলেও এর প্রভাব ও খ্যাতি বিশাল। ২০১০ সাল পর্যন্ত সাধারণ এক জেলেপল্লী হলেও এখন এটি হয়ে উঠেছে মালদ্বীপের স্থানীয় পর্যটনের প্রাণকেন্দ্র।
মাফুশির সৌন্দর্য ও পরিবেশ একদিকে যেমন মোহনীয়, অন্যদিকে এখানকার সাশ্রয়ী খরচ পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ। বর্তমানে দ্বীপটিতে ৫০টিরও বেশি গেস্টহাউস ও হোটেল রয়েছে, যার মাধ্যমে প্রায় ৬০০+ রুমে অতিথিদের স্বাগত জানানো হয়। বিলাসবহুল রিসোর্টের তুলনায় এখানকার থাকার খরচ অনেকটাই কম, রাতপ্রতি শুরু হয় মাত্র ৩০ ডলার থেকে। এখানকার জনপ্রিয় কিছু হোটেলের মধ্যে রয়েছে Kaani Village, Arena Beach Hotel এবং Sunrise Beach Hotel।
দ্বীপটিতে রয়েছে দু’টি জনপ্রিয় বিকিনি বিচ, যেখানে পর্যটকেরা নির্দ্বিধায় রোদস্নান ও স্নান করতে পারেন। এ ছাড়া, স্নরকেলিং, স্কুবা ডাইভিং, স্যান্ডব্যাংক ভ্রমণ, ডলফিন সাফারি, গভীর সমুদ্রে মাছ ধরা এবং আশেপাশের রিসোর্ট দ্বীপে ডে-ভিজিট করার মতো নানা অ্যাডভেঞ্চারও উপভোগ করা যায়। জুন থেকে ডিসেম্বর মাসে এখানে দেখা মেলে জ্বলজ্বলে বায়োলুমিনেসেন্ট প্লাংকটনের, যা রাতের অন্ধকারে দ্বীপের রূপকে আরও মোহময় করে তোলে।
মাফুশিতে পৌঁছানোও বেশ সহজ। মালদ্বীপের মূল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্পিডবোটে মাত্র ৩০–৪৫ মিনিটেই পৌঁছে যাওয়া যায় দ্বীপটিতে। যারা আরও সাশ্রয়ী ভ্রমণ করতে চান, তাদের জন্য রয়েছে সরকারি ফেরি সার্ভিস, যা মাত্র ২ ডলারের মতো খরচে পৌছে দেয় মাফুশিতে, যদিও সময় লাগে দেড় ঘণ্টা।
দ্বীপটিতে ইসলামী সংস্কৃতির প্রভাব থাকায়, পর্যটকদের পোশাক ও আচরণে শালীনতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়। যদিও বিকিনি বিচে পশ্চিমা ধাঁচের পোশাক পরা অনুমোদিত, অন্য কোথাও এমন পোশাক এড়ানো উচিত। দ্বীপে রয়েছে এটিএম, ব্যাংক, ফার্মেসি, স্থানীয় দোকান, রেস্টুরেন্ট, এবং ছোট ছোট বাজার—যা পর্যটকদের প্রয়োজন মেটাতে সক্ষম।
তবে কিছু চ্যালেঞ্জও রয়েছে মাফুশিতে। অতিরিক্ত পর্যটকের ভিড়ে নির্মাণকাজ বেড়েছে, যার ফলে মাঝে মাঝে শব্দ ও ধুলাবালি সমস্যার সৃষ্টি হয়। একই সঙ্গে, দ্বীপে টেকসই পর্যটন নিশ্চিত করার জন্য এখনো অনেক উন্নয়ন প্রয়োজন রয়েছে।
সব মিলিয়ে, বিলাসবহুল রিসোর্টের বিকল্প খুঁজে যাঁরা সাশ্রয়ী বাজেটে মালদ্বীপ উপভোগ করতে চান, তাঁদের জন্য মাফুশি একটি আদর্শ গন্তব্য। এখানকার স্থানীয় আতিথেয়তা, প্রকৃতির সৌন্দর্য ও সমুদ্র-ভিত্তিক কার্যক্রম পর্যটকদের মনে দীর্ঘদিন স্মৃতি হয়ে থাকবে।



