
পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানীর অন্যতম জনসমাগমপূর্ণ এলাকা মানিক মিয়া অ্যাভিনিউতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল প্রায় ৩টার দিকে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, অনুষ্ঠানের অংশ হিসেবে গ্যাস ভর্তি বেলুন উড়ানোর সময় হঠাৎ একটি বেলুনে বিস্ফোরণ ঘটে এবং সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। এতে আশপাশে অবস্থানরত ১০ জন দগ্ধ হন।
দগ্ধদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
বর্তমানে চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এই দুর্ঘটনায় জননিরাপত্তা ও জনসমাগমে বেলুন ব্যবহারের ঝুঁকি নিয়ে আবারো প্রশ্ন উঠেছে। আয়োজক কর্তৃপক্ষ কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।



