
ছবি: সংগৃহীত
পর্যটন সংবাদ ডেস্ক : বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে এবার এসেছে দৃশ্যমান পরিবর্তন। শনিবার ১৫ নভেম্বর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের সদস্যরা মাঠে দায়িত্ব পালন করেছেন নতুন লৌহবর্ণের পোশাকে। এর মাধ্যমে বহু প্রতীক্ষিত ইউনিফর্ম পরিবর্তনের উদ্যোগ আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
ঢাকা মহানগর পুলিশ, চট্টগ্রাম মহানগর পুলিশ এবং হাইওয়ে, রিভার পুলিশ, পিবিআইসহ কয়েকটি বিশেষায়িত ইউনিট প্রথম দিন থেকেই নতুন পোশাকে উপস্থিত হয়েছে। সকালে বিভিন্ন থানা, ট্রাফিক পয়েন্ট ও ইউনিট অফিসে দায়িত্ব পালনরত সদস্যদের রূপই বলে দেয়, পুলিশ বাহিনীর পরিচয়ে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করায় মাঠপর্যায়ে সদস্যদের ভিন্ন ধরনের উদ্যম লক্ষ্য করা যাচ্ছে। মানুষও এই পরিবর্তনকে স্বাগত জানাচ্ছে।
এদিকে জেলার ইউনিটগুলো এখনো আগের পোশাকেই থাকলেও পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ধাপে ধাপে সারা দেশের সদস্যদের কাছে নতুন ইউনিফর্ম পৌঁছে যাবে। সরবরাহ ও প্রস্তুতির প্রক্রিয়া চলমান রয়েছে।
মূলত জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর নিরাপত্তা বাহিনীগুলোর প্রতি জনবিশ্বাস জোরদার করতে বড় ধরনের সংস্কারের অংশ হিসেবেই ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত আসে। জানুয়ারি মাসে অনুমোদিত সেই সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ, আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং র্যাব—সকল বাহিনীর পোশাকেই আসছে নতুন রঙ ও ডিজাইন। উদ্দেশ্য একটাই: আধুনিক, দায়িত্বশীল এবং জনবান্ধব বাহিনীর পরিচয় আরও স্পষ্ট করা।
নতুন লৌহবর্ণের এই পোশাক সেই পরিবর্তনের প্রথম বাস্তব প্রকাশ হিসেবে আজ মাঠে দেখা গেল।



