ভারত ভ্রমণে নতুন নিয়মে ভোগান্তি, বেনাপোল দিয়ে যাত্রী কমেছে ২০ শতাংশ

পর্যটন সংবাদ ডেস্ক: বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতগামী যাত্রী চলাচল আশঙ্কাজনকভাবে কমে গেছে। নতুন অনলাইন আগমন ফরম ও ভিসা জটিলতার কারণে যাত্রী সংখ্যা কমে দাঁড়িয়েছে স্বাভাবিক সময়ের মাত্র ২০ শতাংশে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ১ অক্টোবর থেকে ভারতীয় দূতাবাস যাত্রীদের অনলাইনে ‘ইন্ডিয়ান ভিসা অনলাইন এরাইভেল’ ওয়েবসাইটে আগমন ফরম পূরণ বাধ্যতামূলক করেছে।

পাসপোর্টধারীরা বলছেন, এই নতুন নিয়ম যাত্রার আগে অতিরিক্ত ঝামেলা তৈরি করেছে। ভ্রমণের কমপক্ষে ৭২ ঘণ্টা আগে অনলাইনে ফরম পূরণ করে প্রিন্ট কপি সঙ্গে নিতে হচ্ছে। কিন্তু প্রায়ই ওয়েবসাইটের সার্ভার অচল থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের। এর আগে ইমিগ্রেশনে হাতে লিখেই ফরম পূরণ করা যেত।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, নতুন নিয়ম ও ভিসা জটিলতার প্রভাবে যাত্রী সংখ্যা কমে গেছে। “শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তিন দিনে মাত্র তিন হাজার ৭৮১ জন পাসপোর্টধারী যাতায়াত করেছেন। আগে যেখানে প্রতিদিন ৮ থেকে ১০ হাজার যাত্রী যাতায়াত করতেন, এখন তা নেমে এসেছে এক হাজারের নিচে,” বলেন তিনি।

যাত্রীরা বলছেন, শুধু আগমন ফরম নয়, ভিসা প্রাপ্তিতেও নানা শর্ত ও ব্যয়ের কারণে ভারত ভ্রমণ কঠিন হয়ে পড়েছে। গত বছরের ৫ আগস্ট ভারত সরকার রাজনৈতিক অস্থিরতার কারণ দেখিয়ে পর্যটন, ব্যবসা ও শিক্ষাভিসা বন্ধ করে দেয়। চিকিৎসাভিসা চালু থাকলেও কঠোর শর্তের কারণে তা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে ভিসা ফি ও ভ্রমণ ফি প্রায় দ্বিগুণ হওয়ায় ব্যয় বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

ভুক্তভোগী সুনিতা পাল জানান, “স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে যেতে গিয়ে ফরম পূরণে ১০০ টাকা খরচ করতে হয়েছে। সার্ভার সমস্যায় এক ঘণ্টা অপেক্ষা করেছি।” আরেক যাত্রী উজ্জ্বল কুমার বলেন, “ভিসা পেতে আমার ১৮ হাজার টাকা লেগেছে। একের পর এক শর্তে ভ্রমণ করা এখন দুঃস্বপ্ন।”

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ভিসা জটিলতা ও যাত্রী কমে যাওয়ায় সীমান্ত এলাকার অর্থনীতি ও বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। তারা দ্রুত নিয়ম সহজ করে আগের মতো যাত্রী চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

Read Previous

মুন্সিগঞ্জের ভাটিয়া সরকারি মসজিদ ও ঐতিহাসিক মন্দির: ইতিহাস, ঐতিহ্য ও ভ্রমণ তথ্য একসঙ্গে

Read Next

ব্রহ্মপুত্রের বুকে কাশফুলের স্বপ্নরাজ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular