
একি স্থানে বারবার ট্রেন দুর্ঘটনা হচ্ছে।ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউটে কন্টেইনার ট্রেন দুর্ঘটনার মাত্র ৮ ঘণ্টা পর একই স্থানে আবারও লাইনচ্যুত হয় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের একটি বগি। এতে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল আবার বন্ধ হয়ে পড়ে।
রেলওয়ে সূত্র জানায়, শুক্রবার (৯ মে) রাতের দুর্ঘটনার পর শনিবার (১০ মে) ভোর সাড়ে ৫টার দিকে পুনিয়াউট এলাকায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কিন্তু আধা ঘণ্টা না পেরোতেই সকাল ৬টা ৫ মিনিটে ঢাকা থেকে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি একই স্থানে পৌঁছালে পেছনের সারির একটি বগির দুই চাকা লাইনচ্যুত হয়। ফলে আবারও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আগে থেকেই অবস্থানরত উদ্ধারকারী রিলিফ ট্রেন দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় চাকা উদ্ধারের পর আপ লাইন ব্যবহার করে ট্রেন চলাচল শুরু হয়।
রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন বলেন, ‘ডাউন লাইনের পয়েন্টে ত্রুটির কারণে আপাতত আপ লাইন দিয়েই ট্রেন চালানো হচ্ছে। এ ঘটনায় ভৈরব, আখাউড়া ও পাঘাচং স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকে গেছে।’



