বিসিবির নতুন সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। বিকেলে বিসিবির বিশেষ জরুরি সভায় পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম ও সহ-সভাপতি হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা।

গত বছর আগস্ট মাসে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। আরেক আগস্ট আসার আগেই আবারও পালাবদল হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।

ফারুকের কাজে সন্তুষ্ট হতে না পেরে গত বুধবার রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা তাকে ডেকে জানিয়েছিলেন, সরকার তাকে বিসিবি সভাপতি হিসেবে আর রাখতে চাচ্ছে না। ক্রীড়া উপদেষ্টার কথায় স্পষ্ট হয়ে যায়, ফারুকের সময় ফুরিয়ে গেছে। তবুও পদত্যাগ নিয়ে ভাবনায় খানিকটা সময় চেয়েছিলেন তিনি। এরপর অবশ্য কিছুটা শক্ত হয়ে জানিয়ে দেন, সুনির্দিষ্ট কারণ ছাড়া সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন না তিনি। তবে ৮ পরিচালকের অনাস্থায় আর কোনো পথ খোলা ছিল না।

৮ পরিচালকের অনাস্থা ভোট প্রদানের পর গতকাল (বৃহস্পতিবার) রাতে ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একইসঙ্গে সংস্থাটি আমিনুল ইসলাম বুলবুলকে নতুন করে কাউন্সিলর মনোনয়ন দেয়। কাউন্সিলর হওয়ার পর এনএসসির মনোনীত পরিচালক হিসেবে বিসিবি পরিচালক হন বুলবুল এবং পরবর্তীতে নির্বাচিত হলেন সভাপতি।

শোনা যাচ্ছে, অক্টোবরে বিসিবির নির্বাচনের আগপর্যন্ত অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারেন নতুন সভাপতি। অর্থাৎ, তার মেয়াদ হতে যাচ্ছে ৪ মাস। এরপর নির্বাচনের মাধ্যমে আসবে নতুন নেতৃত্ব।

অবশ্য দীর্ঘমেয়াদে বিসিবিতে থাকতে চান না জানিয়ে বুলবুল আগেই বলেছেন, ‘আমার প্রাথমিক লক্ষ্য স্বচ্ছ নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে সেরা ক্রিকেট বোর্ড তৈরি করা। আমি (বিসিবির) পরবর্তী নির্বাচনে থাকতে আগ্রহী নই। সরকার আমাকে এখানে চেয়েছিল, আমি হ্যাঁ বলেছি। এখন এটা কেবল প্রক্রিয়া অনুসরণেরই ব্যাপার।’

Read Previous

বৃষ্টিতে ক্রেতাশূন্য রাজধানীর হাট, নানান আশংকায় ব্যবসায়ীরা

Read Next

ছুটি না নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে ইমিগ্রেশন থেকে ফেরত বিমানের ক্রু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular