
ফাইল ছবি
পর্যটন সংবাদ ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও নিরাপত্তা সংকটের কারণে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাতিল হওয়া দুটি গুরুত্বপূর্ণ ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
রোববার (১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানিয়েছে, ঢাকা থেকে মদিনাগামী ফ্লাইট বিজি-৩৩৭ রোববার বিকাল ৪টায় যাত্রা করবে। একইভাবে, ঢাকা থেকে জেদ্দাগামী ফ্লাইট বিজি-৩৩৫ সন্ধ্যা ৭টায় উড়াল দেবে।
যাত্রীদের নির্ধারিত এই নতুন সময় অনুযায়ী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, ইরান-ইসরায়েল সংঘাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান উত্তেজনা ও আকাশপথের অস্থায়ী বন্ধের কারণে শনিবার বিমানের মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছিল। এতে দাম্মাম, রিয়াদ, জেদ্দা, মদিনা, দুবাই, আবুধাবি, শারজাহ, কুয়েতসহ বিভিন্ন গন্তব্যের শত শত যাত্রী বিমানবন্দরে আটকা পড়েন এবং চরম ভোগান্তির শিকার হন।
একদিন পর আংশিকভাবে পরিস্থিতির উন্নতি হওয়ায় সৌদি আরবের দুটি প্রধান রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অন্যান্য মধ্যপ্রাচ্যের গন্তব্যে ফ্লাইট স্থগিতাদেশ এখনও বহাল রয়েছে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
বিমান কর্তৃপক্ষ যাত্রীদের সর্বশেষ তথ্যের জন্য হটলাইন ১৩৬৩৬-এ যোগাযোগ করতে পরামর্শ দিয়েছে।



