
পর্যটন সংবাদ ডেস্ক: সরকারি কর্মচারী হিসেবে দায়িত্বে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করায় চাকরি হারালেন লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুম। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ৬ অক্টোবর তাপসী তাবাসসুম নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টাকে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন। সেখানে তিনি সাংবিধানিক ভিত্তিহীনতার অভিযোগ তুলে প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে কটাক্ষ করেন, যা সরকারের দৃষ্টিতে গুরুতর অসদাচরণ হিসেবে বিবেচিত হয়।
ঘটনার পরপরই তাকে ওএসডি করা হয় এবং পরদিন সাময়িক বরখাস্ত করা হয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।
প্রথমবারের মতো কারণ দর্শানোর নোটিশের জবাবে তাপসী নিরাপত্তার কারণে শুনানিতে অংশ না নিয়ে লিখিত ব্যাখ্যা দেন। তবে তার ব্যাখ্যা গ্রহণযোগ্য না হওয়ায় নিয়োগ করা হয় তদন্ত কর্মকর্তা। তদন্তে তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় দ্বিতীয় দফা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
সংশ্লিষ্ট তদন্ত প্রতিবেদন, নথিপত্র, এবং তার জবাব পর্যালোচনার ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নেয় তাপসী তাবাসসুম গুরুদণ্ডের যোগ্য। সরকারি কর্ম কমিশনের একমত পোষণ এবং রাষ্ট্রপতির অনুমোদনের ভিত্তিতে তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
তাপসীর বিরুদ্ধে আদালতে মামলাও চলমান রয়েছে। এর আগে, রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদকে নিয়েও ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছিলেন তিনি।
এই ঘটনা প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতিমালা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।



