
ফাইল ছবি
পর্যটন সংবাদ ডেস্ক:দেশের পরিবেশ রক্ষা ও একটি টেকসই পর্যটনবান্ধব পরিবেশ গঠনের লক্ষ্যে বায়ুদূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সচিবালয়ে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় শেষে এ তথ্য জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, “পর্যটন উন্নয়নের জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ অপরিহার্য। তাই বায়ুদূষণ নিয়ন্ত্রণে একটি সমন্বিত উদ্যোগ নেয়া হয়েছে। সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে কার্যক্রম পরিচালিত হবে এবং একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হবে।”
পরিবেশ উপদেষ্টা আরও জানান, চলতি বছরের শীত মৌসুম বা আগামী অক্টোবরের আগে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোর ভাঙাচোরা রাস্তা মেরামতের কাজ সম্পন্ন করা হবে, যাতে ধুলা দূষণ কমে আসে এবং পর্যটকদের যাতায়াতে স্বাচ্ছন্দ্য বাড়ে।
এছাড়াও, মেয়াদোত্তীর্ণ ও দূষণকারী যানবাহন ধাপে ধাপে সড়ক থেকে সরিয়ে নেওয়া হবে বলে জানান তিনি। এ লক্ষ্যে সরকার নতুন করে ২৫০টি পরিবেশবান্ধব যানবাহন কেনার সিদ্ধান্ত নিয়েছে।
উপদেষ্টা আশা প্রকাশ করেন, “এই উদ্যোগগুলো বাস্তবায়ন হলে বায়ু মান উন্নত হবে, যা শুধু নাগরিকদের স্বাস্থ্যেই নয়, পর্যটকদের অভিজ্ঞতাতেও ইতিবাচক প্রভাব ফেলবে।”
এই ধরনের কার্যকর উদ্যোগ দেশের পর্যটন শিল্পের টেকসই বিকাশে সহায়ক ভূমিকা রাখবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।



