
পর্যযটন সংবাদ ডেস্ক: বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণকালে বাংলাদেশের সাফল্য ও দুই দেশের দীর্ঘমেয়াদি বন্ধুত্বের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, বাংলাদেশের জনগণ ক্ষমতার প্রকৃত মালিক এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা হবে।
ড. ইউনূস আরও বলেন, “দরিদ্রতা স্বপ্নের অভাবের কারণে নয়, বরং এমন একটি ব্যবস্থার কারণে, যা ন্যায্য সুযোগ দেয়নি। আমি এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করেছি, যেখানে সবচেয়ে দরিদ্র মানুষও ক্ষুদ্রঋণ পেয়ে জীবন পরিবর্তনের পথে এগোতে পারে।”
বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্কের গভীরতা স্মরণ করে তিনি বলেন, “দুই দেশের বন্ধুত্ব শুধু কূটনৈতিক নয়, বরং সাংস্কৃতিক, শিক্ষা ও প্রযুক্তিগত ক্ষেত্রে বিস্তৃত। আমরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন, উদ্ভাবন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে একসাথে কাজ করেছি।”
প্রধান উপদেষ্টা আরও যোগ করেন, “বাংলাদেশ এখন নতুন যুগে প্রবেশ করছে। মালয়েশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে সেমিকন্ডাক্টর শিল্প, হালাল অর্থনীতি, নবায়নযোগ্য জ্বালানি ও উদ্যোক্তা উন্নয়নের মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরও দৃঢ় হবে। আমরা এমন এক ভবিষ্যৎ গড়তে চাই—সমৃদ্ধ, উদ্ভাবনী, স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক।”
ড. ইউনূস সম্মানসূচক ডক্টরেট গ্রহণের জন্য মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানান এবং দুই দেশের বন্ধন আরও শক্ত করার অঙ্গীকার করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী জাম্ব্রি আব্দুল কাদির এবং ইউকেএম ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সুফিয়ান জুসোহ।



