১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ বিমানের পাইলট সাইফুজ্জামানের দাফন সম্পন্ন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলট কানাডায় নৌকা উল্টে প্রাণ হারানো ক্যাপ্টেন মো. সাইফুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১৪ জুন) বিকেলে বাংলাদেশ বিমানবাহিনী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। এ সময় ক্যাপ্টেন সাইফুজ্জামানের সহকর্মী ও স্বজনেরা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল শুক্রবার রাতে ক্যাপ্টেন সাইফুজ্জামানের মরদেহ দেশে আনা হয়। ফ্লাইট উড়িয়ে ১০ জুন তাঁর দেশে আসার কথা থাকলেও গতকাল রাতেই তিনি ফিরেছেন কফিনে শুয়ে।

ক্যাপ্টেন সাইফুজ্জামান কানাডায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের সঙ্গে ঈদের ছুটি কাটাতে স্ত্রী ও আরেক মেয়েকে নিয়ে গিয়েছিলেন। সেখানে বন্ধু ব্যবসায়ী আবদুল্লাহ হিল রাকিব ও তাঁর ছেলের সঙ্গে একটি লেকে ঘুরতে গিয়েছিলেন। ৮ জুন অন্টারিও প্রদেশের স্টারজিয়ন লেকে ক্যানুতে (সরু লম্বা ছোট্ট নৌকা) চড়ে ভ্রমণে বের হন। নৌকাটি উল্টে গেলে পানিতে ডুবে প্রাণ হারান তাঁরা।

 

ক্যাপ্টেন সাইফুজ্জামানের সহকর্মীরা জানান, শুক্রবার বিজি-৩০৬ ফ্লাইটে টরন্টো থেকে ইস্তাম্বুল হয়ে ক্যাপ্টেন সাইফুজ্জামান ও তাঁর বন্ধু ব্যবসায়ী আবদুল্লাহ হিল রাকিবের মরদেহ ঢাকায় নিয়ে আসা হয়। সঙ্গে ছিলেন সাইফুজ্জামানের স্ত্রী, দুই মেয়ে, বোন এবং ভগ্নিপতি। রাত সাড়ে নয়টার দিকে ফ্লাইটটির অবতরণের কথা থাকলেও আধা ঘণ্টা আগেই পৌঁছে যায়।

পরে উপস্থিত পাইলটরা সহকর্মী সাইফুজ্জামানকে স্যালুট দেন। তাঁর জন্য দোয়া করা হয়। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং পাইলটস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কফিনে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানানো শেষে মরদেহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) মর্গে রাখা হয়।

সহকর্মীরা জানান, সিএমএইচের মর্গ থেকে শনিবার সকাল নয়টার দিকে ক্যাপ্টেন সাইফুজ্জামানের মরদেহ তাঁর বনানীর ডিওএইচএসের বাসায় নেওয়া হয়। সেখানে আত্মীয়স্বজনেরা তাঁকে দেখেন। এরপর মরদেহ বেলা ১১টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি বাশারের কেন্দ্রীয় মসজিদে জানাজার জন্য নেওয়া হয়। সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারীসহ পাইলট, কর্মকর্তা ও কর্মচারীরা জানাজায় অংশ নেন।

এরপর মরদেহ আবার ডিওএইচএসের বাসায় নেওয়া হয়। সেখানে কিছু সময় রেখে জোহরের নামাজ শেষে ডিওএইচএস মাঠে ক্যাপ্টেন সাইফুজ্জামান এবং তাঁর বন্ধু রাকিবের একসঙ্গে জানাজা হয়। পরে সাইফুজ্জামানের মরদেহ বিমানবাহিনীর কবরস্থানে নিয়ে সামরিক রীতি অনুযায়ী তাঁকে স্যালুট জানানো হয়। বেলা পৌনে তিনটার দিকে সাইফুজ্জামানকে বাবা–মায়ের কবরের পাশে দাফন করা হয়।

সাইফুজ্জামান সম্পর্কে স্মৃতিচারণা করতে গিয়ে বাংলাদেশ এয়ারলাইনস পাইলটস অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মো. আবদুল বাসিত মাহতাব বলেন, ‘সাইফুজ্জামানের মতো পাইলট হারানো আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি দুর্দান্ত পাইলট ছিলেন। বিমানে তিনি অনেক জরুরি পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামলেছেন।’

Read Previous

বান্দরবানে পর্যটক নিখোঁজের ঘটনায় ট্যুর এক্সপার্টের প্রধান বর্ষা গ্রেপ্তার

Read Next

ঈদের ছুটি শেষে আজ খুলছে ব্যাংক-বিমা-পুঁজিবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular