
বিস্তারিত প্রতিবেদন | পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশ ও কানাডার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে ঢাকা সফরে এসেছেন কানাডার ইন্দো-প্যাসিফিক বিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন ইপে। রোববার (১৩ জুলাই) তিনি রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাতে পররাষ্ট্রসচিব বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কানাডার শিক্ষার্থী ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে কানাডা একটি আকর্ষণীয় গন্তব্য এবং অধিক সংখ্যক শিক্ষার্থীকে সেখানে পাঠাতে হলে ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুততর করা জরুরি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এটি সহকারী উপমন্ত্রীর প্রথম ঢাকা সফর, যা দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্কের প্রতিফলন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং জনগণের মধ্যে সংযোগসহ বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও বিস্তৃত করার উপায় নিয়ে আলোচনা হয়।
কানাডার উপমন্ত্রী বাংলাদেশি প্রবাসীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন, “জনগণের সঙ্গে জনগণের সংযোগ আমাদের সম্পর্কের একটি প্রধান ভিত্তি। বাংলাদেশি কমিউনিটির সংস্কৃতি, কর্মনিষ্ঠা ও অবদান কানাডার সমাজকে সমৃদ্ধ করেছে।”
এ ছাড়া উভয় পক্ষ বিদেশি বিনিয়োগ সুরক্ষা ও উন্নয়ন চুক্তি (FIPA) এবং ভবিষ্যতে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) নিয়ে আলোচনার অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। উপমন্ত্রী জানান, কানাডার বিনিয়োগকারীদের আস্থা গড়ে তুলতে FIPA গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
রোহিঙ্গা ইস্যুতেও বাংলাদেশের অবস্থানের প্রশংসা করেন কানাডার প্রতিনিধি। তিনি আশ্বাস দেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তায় কানাডা তার মানবিক সমর্থন অব্যাহত রাখবে।
সাক্ষাতের শেষে দুই দেশই ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক সমৃদ্ধি ও সহযোগিতা জোরদারে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করে।



