
পর্যটন সংবাদ ডেস্ক: বিশ্বজুড়ে ভ্রমণ করে অসাধারণ ভিডিওগ্রাফি আর ইতিহাস-সংস্কৃতির গল্প বলার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পেয়েছেন বাংলাদেশি ট্রাভেল ব্লগার নাদির নিবরাস। ‘নাদির অন দ্য গো’ নামে তার ট্রাভেল ব্লগ মানেই দেশ-বিদেশের মনোমুগ্ধকর দৃশ্যপট আর তথ্যবহুল কনটেন্ট। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পেয়েছেন একাধিক আন্তর্জাতিক স্বীকৃতিও।
তবে সম্প্রতি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে প্রকাশ করেছেন চরম হতাশা। রোববার (২৭ জুলাই) রাতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে নাদির জানান, গত এক বছরে ১৭টি দেশে ভ্রমণের জন্য ভিসা আবেদন করেছিলেন তিনি, যার মধ্যে ৭টি দেশ সরাসরি তার আবেদন প্রত্যাখ্যান করেছে।
ভিসা বাতিলের পেছনের কারণগুলো কী?
ভিডিও বার্তায় নাদির উল্লেখ করেন, বাহরাইনের ই-ভিসা আবেদনে সমস্যার অজুহাতে তার আবেদন বাতিল হয়। ইতালিতে প্রচুর বাংলাদেশি অবৈধভাবে প্রবেশ করে—এটি ছিল আরেকটি কারণ। কম্বোডিয়াতেও একই পরিস্থিতি: অনেক বাংলাদেশি পর্যটক ভিসা নিয়ে ঢুকে আর বের হন না, ফলে তার আবেদনও বাতিল করা হয়।
ভিয়েতনামের ক্ষেত্রে তিনি বলেন, কর্তৃপক্ষ হয়তো মনে করেছে একজন বাংলাদেশির পক্ষে ৪০ দিন ঘোরার ব্যয় বহন করা সম্ভব নয়। পরে জানতে পারেন, বাংলাদেশ থেকে আসা কাউকেই ভিসা দেওয়া হচ্ছে না, কারণ অনেকেই গিয়ে আর ফিরছেন না। সিঙ্গাপুর, তাজিকিস্তান ও নেদারল্যান্ডস থেকেও একই রকম কারণে তার ভিসা বাতিল হয়।
বাংলাদেশি পাসপোর্টের মান দিন দিন নিচে নামছে
নাদির নিবরাস বলেন, “অনেকে মনে করেন আমি যেকোনো দেশে যেতে পারি, কারণ আমি অনেক দেশ ঘুরেছি। কিন্তু আসল বাস্তবতা হচ্ছে—আমি এখনো একটি বাংলাদেশি পাসপোর্টধারী, আর এই পাসপোর্টে অনেক সীমাবদ্ধতা আছে।”
তার মতে, বাংলাদেশি নাগরিকদের একটি বড় অংশ বিদেশে গিয়ে অবৈধভাবে থেকে যান। এর ফলে দেশের পাসপোর্টের গ্রহণযোগ্যতা কমছে। তিনি বলেন, “সবাই ভাবে বিদেশ গেলেই জীবন সেট। কিন্তু সেটাই সব সময় সত্য নয়। অবৈধভাবে গিয়ে অনেকেই বাংলাদেশ থেকেও খারাপ জীবনে পড়ে।”
পূর্বের ভিডিও এখন অপ্রাসঙ্গিক
নাদির জানান, পাঁচ বছর আগে তিনি একটি ভিডিও করেছিলেন, যেখানে বলেছিলেন বাংলাদেশের পাসপোর্ট দিয়ে কোন ৪৮টি দেশে যাওয়া যায়। কিন্তু সেই ভিডিওটি প্রকাশের পরপরই কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়ে, কারণ এটি একটি খুব দ্রুত পরিবর্তনশীল বিষয়।
নাদির নিবরাসের অভিজ্ঞতা বাংলাদেশি পর্যটকদের জন্য একটি বাস্তব শিক্ষা। ভ্রমণের আগ্রহ থাকলেও বৈধ উপায়ে ভ্রমণ করাই সবচেয়ে নিরাপদ ও সম্মানজনক পথ। তার মতে, “দিন দিন বাংলাদেশের পাসপোর্টের অবস্থা খারাপ হচ্ছে, ভালো নয়। আমাদের আচরণই এর পেছনের বড় কারণ।”



