
পর্যটন সংবাদ ডেস্ক: শিশু ও পর্যটকদের পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে রক্ষা করতে ফ্রান্সে নতুন এক আইন কার্যকর হয়েছে। রোববার (২৯ জুন) থেকে দেশটির সমুদ্র সৈকত, পাবলিক পার্ক, বাসস্ট্যান্ড, লাইব্রেরি, সুইমিং পুল ও স্কুলের আশপাশে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
সরকারি গেজেটে নিয়মটি প্রকাশের পরদিনই তা কার্যকর হয়। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, স্কুল ছুটির ঠিক এক সপ্তাহ আগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে শিশু ও পরিবারের সদস্যরা নিশ্চিন্তে সমুদ্র সৈকতে সময় কাটাতে পারেন।
এই নিষেধাজ্ঞার আওতায় পড়া এলাকাগুলোর ১০ মিটার ব্যাসার্ধের মধ্যে ধূমপান করা যাবে না। পর্যটন এলাকাগুলোতে সাইনবোর্ডের মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে কোথায় ধূমপান নিষিদ্ধ। আইন লঙ্ঘনকারীদের ১৩৫ থেকে ৭০০ ইউরো পর্যন্ত জরিমানা করা হতে পারে।
তবে কিছু তামাকবিরোধী সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে যে, এই নিষেধাজ্ঞা রেস্তোরাঁ ও বারের বহিরাঙ্গন টেরেসে প্রযোজ্য নয়। এছাড়া, ই-সিগারেটও নিষেধাজ্ঞার বাইরে থাকায় তারা হতাশা প্রকাশ করেছে।
স্বাস্থ্য ও পরিবার মন্ত্রী ক্যাথেরিন ভাউট্রিন বলেছেন, “যেসব জায়গায় শিশু অবস্থান করে, সেসব জায়গা থেকে তামাক সম্পূর্ণরূপে সরিয়ে দিতে হবে। পার্ক, সৈকত, স্কুল—এগুলো খেলার, শেখার ও শ্বাস নেওয়ার স্থান, ধূমপানের জন্য নয়।”
ফ্রান্সের এই উদ্যোগে দেশজুড়ে পর্যটন গন্তব্যগুলোতে স্বাস্থ্যবান্ধব পরিবেশ নিশ্চিত করার পথে বড় অগ্রগতি হবে বলে মনে করছেন পরিবেশ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
এটি ফ্রান্সের পর্যটন খাতের জন্যও ইতিবাচক ইঙ্গিত, কারণ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় গন্তব্য তৈরি করবে।
সূত্র: এএফপি, ফ্রান্স স্বাস্থ্য মন্ত্রণালয়



