ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ: বরিশাল বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী বহিষ্কার, ২১ জনকে মুচলেকার নির্দেশ

পর্যটন সংবাদ ডেস্ক : বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলা কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চার শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি আরও ২১ শিক্ষার্থীকে তাদের অভিভাবকসহ হাজির হয়ে মুচলেকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—

  • একাউন্টিং বিভাগের তরিকুল ইসলাম নয়ন (২০২২-২৩ সেশন),
  • মার্কেটিং বিভাগের শাহারিয়ার শাওন (২০২০-২১ সেশন),
  • অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মো. শাওন শেখ (২০২২-২৩ সেশন) এবং
  • একই বিভাগের সাজ্জাদ হোসেন (২০২৩-২৪ সেশন)।

অফিস আদেশে বলা হয়েছে, তরিকুল ইসলাম নয়নকে ছয় মাসের বহিষ্কার বা ৪০ হাজার টাকা জরিমানা এবং শাহারিয়ার শাওনকে ছয় মাসের বহিষ্কার বা ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপর দুই শিক্ষার্থী— শাওন শেখ ও সাজ্জাদ হোসেনকে ছয় মাস বা এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া মার্কেটিং বিভাগের ১০ জন এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১১ জন শিক্ষার্থীকে তাদের অভিভাবকসহ আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রক্টরের কাছে উপস্থিত হয়ে মুচলেকা জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে মুচলেকা না দিলে তাদের চলমান শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

গত ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় সংলগ্ন নির্মাণাধীন বিটাক ভবনের বালুর মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উপাচার্যসহ অন্তত ১৪ জন আহত হন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন বলেন, “তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এবং একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।”

Read Previous

হাজাছড়া জলপ্রপাত: পার্বত্য সৌন্দর্যের লুকানো রত্ন

Read Next

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা: আগুনে পুড়ে অন্তত ১১ জনের মৃত্যু, আহত বহু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular