
পর্যটন সংবাদ ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশে ভোররাতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় পুড়ে মারা গেছেন অন্তত ১১ জন যাত্রী। কুরনুল জেলার চিন্না টেকুর গ্রামের কাছে শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে এই দুর্ঘটনা ঘটে। হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি ভলভো বাস মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খাওয়ার পর মুহূর্তেই আগুন ধরে যায় এবং পুরো বাসটি পুড়ে ছাই হয়ে যায়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। স্থানীয় সময় রাত ১২টার দিকে হায়দরাবাদ থেকে যাত্রা শুরু করে বাসটি, আর ভোর সাড়ে ৩টার দিকে কুরনুল জেলার চিন্না টেকুরের কাছে দুর্ঘটনায় পড়ে।
কুরনুল জেলার পুলিশ সুপার বিক্রান্ত পাতিল জানান, দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি বাসের নিচে আটকে যায় এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, “ভোর ৩টার দিকে কাবেরি ট্রাভেলসের ভলভো বাসটি মোটরসাইকেলকে ধাক্কা মারে। মোটরসাইকেলটি বাসের নিচে আটকে যায়, সম্ভবত সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। ফরেনসিক টিম আগুন লাগার সঠিক কারণ অনুসন্ধান করছে।”
তিনি আরও জানান, “যেহেতু বাসটি এসি ছিল, যাত্রীরা জানালার কাচ ভেঙে বের হওয়ার চেষ্টা করেন। যারা কাচ ভাঙতে সক্ষম হয়েছেন, তারাই বেঁচে গেছেন।”
দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন, যার ফলে আগুনের কবল থেকে পালাতে পারেননি অনেকে। ঘটনাস্থল থেকে ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সরকারি হাসপাতালে বর্তমানে ১১ জন চিকিৎসাধীন, আর তিনজনকে বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। নিখোঁজ যাত্রীদের সন্ধান এবং নিহতদের শনাক্তের কাজ চলছে।
স্থানীয় প্রশাসন ইতোমধ্যে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।



