
পর্যটন সংবাদ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসী ভোটারদের কাছ থেকে এখন পর্যন্ত ৪ লাখ ২২ হাজার ৯৬০টি পোস্টাল ব্যালট ফিরে এসেছে।
প্রবাসী ভোটার নিবন্ধন সংক্রান্ত ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সেলিম আহমেদ খান জানান, শনিবার সকাল ১০:১৫টা পর্যন্ত অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৩৩ জন ভোটার ব্যালট হাতে পেয়েছেন এবং ৪ লাখ ৯৪ হাজার ১৮৫ জন ভোটদান সম্পন্ন করেছেন।
এছাড়া, ৪ লাখ ৬৮ হাজার ৯১ জন প্রবাসী ভোটার নিজ নিজ দেশের ডাকঘর বা ডাক বিভাগে ব্যালট জমা দিয়েছেন। রিটার্নিং অফিসাররা এখন পর্যন্ত ২ লাখ ২৫ হাজার ১৬৮টি ব্যালট সংগ্রহ করতে সক্ষম হয়েছেন।
এদিকে দেশের অভ্যন্তরে বসবাসকারী ভোটারদের জন্যও ডাকযোগে ভোটদান ব্যবস্থা চালু রয়েছে। নির্বাচন কমিশন এ পর্যন্ত ৬ লাখ ৯৪ হাজার ১৪৬টি ব্যালট পাঠিয়েছে। সকাল ১০:১৫টা পর্যন্ত ৩ লাখ ৮১ হাজার ৭ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ৩ লাখ ২১ হাজার ৬৯৫ জন ভোট দিয়েছেন এবং ২ লাখ ৭৬ হাজার ২৭২ জন ব্যালট ডাকঘরে জমা দিয়েছেন। রিটার্নিং অফিসাররা দেশীয় ভোটারদের কাছ থেকে ৮৩ হাজার ৯৪২টি ব্যালট সংগ্রহ করেছেন।
সেলিম আহমেদ খান আরও জানান, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার (দেশি ও প্রবাসী মিলিয়ে) নিবন্ধিত হয়েছেন। এবারই প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা এত বড় সংখ্যায় ডাকযোগে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছেন। প্রক্রিয়াটিতে ব্যালট গ্রহণ, ভোট প্রদান এবং আন্তর্জাতিক ডাক সেবার মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো অন্তর্ভুক্ত রয়েছে।
নির্বাচন কমিশন প্রবাসী ও দেশীয় ভোটারদের যথাসময়ে ব্যালট ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে, যাতে সব ভোট গণনায় অন্তর্ভুক্ত হতে পারে।



