
পর্যটন সংবাদ ডেস্ক : অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় পর্যটনকেন্দ্র পোর্ট ডগলাসে একটি বিলাসবহুল রিসোর্টের পুলে হঠাৎ হাজির হলো এক কিশোর কুমির। শেরাটন গ্র্যান্ড মিরাজ রিসোর্টের সুইমিংপুলে সপ্তাহান্তে ঘটে এই অদ্ভুত ঘটনা, যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু।
টিকটক ব্যবহারকারী লিসা কেলার একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায় পুলের নীচে নিশ্চিন্তে শুয়ে আছে ছোট আকারের নোনা পানির কুমিরটি। তিনি ভিডিওতে বলেন, “আমি কাউকে ভড়কে দিতে চাই না, কিন্তু শেরাটন পুলে সত্যিই একটি কুমির আছে।”
পুলের ধারে কয়েকজন পর্যটককে বসে থাকতে দেখা গেলেও তারা কেউই পানিতে নামার সাহস করেননি। আশ্চর্যের বিষয়, উপস্থিত অনেকেই প্রথমে ঘটনাটিকে গুরুত্ব দিতে চাননি।
দ্রুত ব্যবস্থা নেয় রিসোর্ট কর্তৃপক্ষ
রিসোর্ট ম্যানেজার জোসেফ আমেরিও জানান, শনিবার ভোরের দিকে প্রথম কুমিরটিকে দেখা যায়। খবর পেয়ে কুইন্সল্যান্ডের বন্যপ্রাণী রেঞ্জাররা এসে বিকেলের মধ্যে কুমিরটিকে নিরাপদে সরিয়ে নেয়। তিনি নিশ্চিত করেছেন—একই সময়ে পুলে কোনো অতিথি ও কুমির ছিল না।
কুমিরের রাজ্যে পর্যটকদের সতর্কতা
অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলজুড়ে নোনা পানির আক্রমণাত্মক কুমির থেকে শুরু করে অপেক্ষাকৃত কম হিংস্র মিঠা পানির কুমির—সব মিলিয়ে সংখ্যা এক লাখেরও বেশি। তাই এই অঞ্চলের রিসোর্ট ও সমুদ্র উপকূলে প্রায়ই সতর্কতা জারি থাকে। এবার সেই সতর্কতার বাস্তব উদাহরণ মিলল পাঁচ তারকা রিসোর্টের পুলেই।
কুমিরটি কীভাবে রিসোর্টের নিরাপত্তা পেরিয়ে পুলে ঢুকলো, তা নিয়ে তদন্ত চলছে। তবে ভিডিও ছড়িয়ে পড়ার পর পর্যটকদের মধ্যে নতুন করে নিরাপত্তা সচেতনতা নিয়ে আলোচনা শুরু হয়েছে।



