
সম্প্রতি সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি কঠোর ঘোষণা দিয়েছেন, যেখানে বলা হয়েছে, যেসব প্রবাসী বা পর্যটক তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও সৌদি আরবে অবস্থান করছেন বা করবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই নতুন সিদ্ধান্তের আওতায়, ভিসার মেয়াদোত্তীর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ ৫০,০০০ সৌদি রিয়াল (প্রায় ১৩,০০০ মার্কিন ডলার) জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং সৌদি আরব থেকে চিরতরে বহিষ্কার করা হতে পারে।
মন্ত্রণালয় জানিয়েছে, হজ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে ভিসার শর্তাবলী কঠোরভাবে পালন করা সম্ভব হয় এবং হজযাত্রীদের নিরাপত্তা ও সুশৃঙ্খলতা সুনিশ্চিত করা যায়। এছাড়া, হজ ভিসা ব্যতীত অন্য কোনো ভিসাধারীকে হজ পালনের অনুমতি দেওয়া হবে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে, তাদের অতিথিরা যেন ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে সৌদি আরব ত্যাগ করেন। হজ ও ওমরাহ সংস্থাগুলোকে সতর্ক করে বলা হয়েছে, যদি তারা ভিসা মেয়াদোত্তীর্ণ ব্যক্তিদের সম্পর্কে সময়মতো রিপোর্ট না করে, তবে তাদের বিরুদ্ধে ১,০০,০০০ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা আরোপ করবে সৌদি প্রশাসন।
এটি সৌদি আরবের ভিসা ও হজ নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর আরও একটি কঠোর পদক্ষেপ, যা ভবিষ্যতে বিদেশি শ্রমিকদের ও হজযাত্রীদের জন্য নতুন শর্ত তৈরি করতে পারে।



