পদ-পদবি নয়, চাঁদাবাজির হাতিয়ার! স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি আটক

নিজস্ব প্রতিবেদক | পর্যটন সংবাদ: রাজধানীর অভিজাত এলাকা গুলশানে সংরক্ষিত আসনের এক সাবেক নারী সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) নামের এক ব্যক্তি। চাঞ্চল্যকর বিষয় হলো, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি এবং সরকারের একটি সরকারি কমিশনের সদস্য ছিলেন।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে ঘটনাটি সামনে আনেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি জানান, রাজ্জাক ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)’-এর একজন কেন্দ্রীয় নেতা ছিলেন এবং ঘটনাটির পরপরই সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

রাশেদ খাঁন তার পোস্টে ক্ষোভ প্রকাশ করে লিখেন, “এভাবেই প্রায় প্রতিটি মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি রয়েছে, যারা সরকারপ্রধানদের দাপট দেখিয়ে চাঁদাবাজি, নিয়োগ-বাণিজ্য, তদবির, বদলি, মামলার ভয় দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেন, এই চক্রগুলো নির্বাচন চায় না, কারণ নির্বাচন হলে তাদের অবৈধ অর্থ উপার্জনের পথ বন্ধ হয়ে যাবে। তাই তারা ‘বিচার ও সংস্কার’-এর নামে পাঁচ বছর মেয়াদি সময় চেয়ে নানা ধরনের প্রচারণা চালিয়ে যাচ্ছে।

ঘটনার পর গুলশান থানা পুলিশ রাজ্জাককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। চাঁদাবাজির ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। এ ধরনের প্রতিনিধি মনোনয়নের পদ্ধতি, তদারকি ও জবাবদিহিতার অভাব নিয়ে নানা প্রশ্ন তুলেছে সংশ্লিষ্ট মহল।

Read Previous

সেন্ট মার্টিনে চার দিন ধরে নৌযান বন্ধ, পর্যটকশূন্য দ্বীপে নিত্যপণ্যের সংকট

Read Next

মেঘনা ব্যাংকের এমডির পদত্যাগে ব্যাংকিং খাতে নতুন আলোচনার জন্ম, প্রশ্ন নতুন পর্ষদ ঘিরে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular