১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের আগে কড়া বিধিনিষেধ: মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন সীমিত, পি-টু-পি বন্ধ

পর্যটন সংবাদ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন বাকি থাকায় টাকার অপব্যবহার ও অর্থ পাচার রোধে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ইন্টারনেট ব্যাংকিংয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন পর্যন্ত এই সীমাবদ্ধতা কার্যকর থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, রোববার (৮ ফেব্রুয়ারি) মধ্যরাত ১২টা থেকে শুরু করে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পুরো ৯৬ ঘণ্টা এমএফএসের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পি-টু-পি) লেনদেনের ওপর বিশেষ নিয়ন্ত্রণ থাকবে। এ সময়ে বিকাশ, নগদ, রকেটসহ সব এমএফএস প্ল্যাটফর্মে একটি লেনদেনে সর্বোচ্চ ১ হাজার টাকা পাঠানো যাবে এবং দৈনিক সর্বোচ্চ ১০টি লেনদেনের মাধ্যমে মোট ১০ হাজার টাকা লেনদেন করা সম্ভব হবে।

ইন্টারনেট ব্যাংকিংয়ের ক্ষেত্রে আইবিএফটির মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে মার্চেন্ট পেমেন্ট, বিদ্যুৎ-গ্যাস-পানির বিল পরিশোধ, মোবাইল রিচার্জসহ অন্যান্য নিয়মিত লেনদেন আগের মতোই চালু থাকবে। এছাড়া এমএফএসের অন্যান্য সেবা এই সময়ে সাময়িকভাবে স্থগিত রাখতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্বাচন উপলক্ষে এমএফএস ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের আওতাধীন লেনদেনের অপব্যবহার রোধ করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। প্রতিটি এমএফএস প্রতিষ্ঠানকে নিজস্ব জরুরি রেসপন্স সেল গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো আর্থিক অপরাধ বা সন্দেহজনক লেনদেন চিহ্নিত হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় রিপোর্ট করতে হবে।

এ সময়ে সব এমএফএস প্রোভাইডারকে লেনদেনের ওপর সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণ (ক্লোজ মনিটরিং) করতে এবং নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেকোনো চাহিদা অনুযায়ী তাৎক্ষণিক সহযোগিতা প্রদান করতে বলা হয়েছে।

Read Previous

ইন্টারকন্টিনেন্টাল ঢাকা BTTHA ২০২৫-এ টানা দ্বিতীয় হ্যাটট্রিক: বাংলাদেশের হসপিটালিটি খাতে নতুন মাইলফলক

Read Next

লন্ডনগামী যাত্রীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জরুরি নির্দেশনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular