
রাজধানীর রামপুরা বনশ্রীতে গতকাল বুধবার রাতে এক নারী সংবাদকর্মীকে হেনস্তা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় ওই নারী সংবাদকর্মী তিনজনের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা করেছেন।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আজ বৃহস্পতিবার সকালে বলেন, গতকাল বুধবার (২ এপ্রিল) রাত পৌনে আটটার দিকে একটি ইংরেজি দৈনিকে পত্রিকার নারী সংবাদকর্মী তাঁর ছোট ভাইকে নিয়ে বনশ্রী ই-ব্লকের ৩ নম্বর রোডের মুখে একটি জুসের দোকানে যান। এ সময় কয়েকজন স্থানীয় যুবক তাঁকে উত্যক্ত করতে থাকেন। এর ফলে তাঁর ভাই প্রতিবাদ করায় তাঁকে মারধর করেন। এ সময় ওই নারী সংবাদকর্মী বাধা দিতে গেলে তাঁরা তাঁকেও মারধর ও শ্লীলতাহানি করেন। গতকাল রাতে ওই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পুলিশ কর্মকর্তা আতাউর রহমান বলেন, ভুক্তভোগী নারী সংবাদকর্মী সোয়েব রহমান ওরফে জিসানের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও দুজনকে আসামি করে রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারায় মামলা করেন। ওই ঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সোয়েব বাসায় তালা লাগিয়ে সপরিবার পালিয়ে গেছেন। তিনি বনশ্রী সি–ব্লকে থাকেন। অন্য দুজনকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।



