
পর্যটন সংবাদ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন বিএনপি সরকারের মন্ত্রিসভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মানিকগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আফরোজা খানম রিতা। এছাড়া একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম. রাশিদুজ্জামান মিল্লাত।
আফরোজা খানম রিতা প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরাসরি মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। তিনি মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হিসেবে ব্যবসায়িক অভিজ্ঞতার পাশাপাশি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, এম. রাশিদুজ্জামান মিল্লাতও তাঁর নির্বাচনী এলাকা জামালপুর-১ থেকে বিজয়ী হয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
এভিয়েশন ও পর্যটন খাতের সংশ্লিষ্ট ব্যক্তি ও বিশেষজ্ঞরা এই নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন, এই মন্ত্রণালয়ের অধীনে দেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করা, প্রবাসীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং পর্যটন শিল্পে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নের মাধ্যমে খাতটিতে নতুন গতি সঞ্চার হবে। বিশেষ করে নীতিগত স্বচ্ছতা, অবকাঠামোগত উন্নয়ন এবং কৌশলগত পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের বিমান চলাচল ও পর্যটন খাত নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তারা মনে করছেন।
নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের পর এই দায়িত্ব বণ্টন দেশের এই গুরুত্বপূর্ণ খাতে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা জাগিয়েছে।



