১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে সেনাবাহিনীর অভিযানে আটক দুই জন, বিপুল পরিমাণ অস্ত্র ও চোরাই মালামাল জব্দ

পর্যটন সংবাদ ডেস্ক: নড়াইল শহরের প্রাণকেন্দ্র রুপগঞ্জ বাজারের একটি মুদি দোকানে অভিযান চালিয়ে সেনাবাহিনী দুই ব্যক্তিকে আটক করেছে। এই অভিযান চলাকালীন দোকান থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি চাকু, মদ ও চোরাই মোবাইল জব্দ করা হয়েছে।

নড়াইল সেনা ক্যাম্পের নেতৃত্বে বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত অভিযানটি পরিচালিত হয়। জেলার পুলিশ দলও সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে অংশ নেয়। আটক ব্যক্তিরা হলেন, মুশুরিয়া গ্রামের পিনাক কুন্ডু (৩৬) ও বেনাহাটি গ্রামের শুভ বিশ্বাস (২১)।

সেনাবাহিনীর গোয়েন্দা তথ্য অনুযায়ী, মুদি দোকানটি ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ও দেশীয় অস্ত্রের লেনদেনের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল। অভিযান চলাকালীন দোকানের মালিক পলাশ কুন্ডু পালিয়ে গেলেও তার সহযোগী পিনাক ও শুভকে হাতেনাতে আটক করা হয়।

তল্লাশি চালিয়ে দোকান থেকে জব্দ করা হয় ৪০টি চোরাই মোবাইল ফোন, ৫ বোতল বিদেশি মদ, ৯টি বিয়ার ক্যান, ১৮টি বিদেশি চাকু, ১৯টি দেশীয় অস্ত্র এবং ৩টি হকিস্টিক। পরে আটক ব্যক্তিদের এবং জব্দ মালামালকে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Read Previous

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে সাত দলের তিন দিনের কর্মসূচি ঘোষণা

Read Next

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা বিষয়ে ভোট বৃহস্পতিবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular