
পর্যটন সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি বাস্তবায়নসহ কয়েক দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বায়তুল মোকাররম ও জাতীয় প্রেসক্লাব এলাকাজুড়ে দলগুলো আলাদা আলাদা ব্যানারে অবস্থান নেবে।
জামায়াতে ইসলামী
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকের সামনে সমাবেশ শেষে মিছিল করবে জামায়াত। এতে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বক্তব্য রাখবেন। মিছিলটি পুরানা পল্টন, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবন ঘুরে শাহবাগ পর্যন্ত যেতে পারে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ
দলটির ঢাকা মহানগর শাখা জোহরের নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করবে। নেতৃত্ব দেবেন জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
খেলাফত মজলিস
দুই ভাগে কর্মসূচি নিয়েছে দলটি। আসরের নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর ফটকের সামনে আমির মাওলানা মামুনুল হকের নেতৃত্বে মিছিল করবে একটি অংশ। আরেকটি অংশ বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবে, যেখানে মহাসচিব আহমদ আবদুল কাদের প্রধান অতিথি হবেন।
বাংলাদেশ খেলাফত আন্দোলন ও নেজামে ইসলাম পার্টি
একই সময়, বিকেল ৪টায় প্রেসক্লাবের সামনেই পৃথক কর্মসূচি পালন করবে এই দুটি দল।
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)
জাগপা বিকেল সাড়ে ৪টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল করবে।
দাবি এক হলেও ভাষা ভিন্ন
সাত দলের কেউ পাঁচ দফা, কেউ ছয়, আবার কেউ সাত দফা দাবি তুলেছে। তবে সবার মূল দাবি এক জায়গায় মিলেছে—
- জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন
- জাতীয় সংসদে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালু
- সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা
- অতীত সরকারের জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার
- জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ
রাজধানীতে ধারাবাহিকভাবে অনুষ্ঠিতব্য এ কর্মসূচি ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে।



