
পর্যটন সংবাদ ডেস্ক: নড়াইল শহরের প্রাণকেন্দ্র রূপগঞ্জ বাজারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি চাকু, মদ ও চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত নড়াইল সেনা ক্যাম্পের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা পুলিশের একটি দলও অংশ নেয়।
নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা হলেন— মুশুরিয়া গ্রামের পিনাক কুন্ডু (৩৬) এবং বেনাহাটি গ্রামের শুভ বিশ্বাস (২১)।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, শহরের রূপগঞ্জ বাজারে অবস্থিত ‘লক্ষ্মী ভান্ডার’ নামে একটি মুদি দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র কেনাবেচা চালিয়ে আসছিলেন দোকান মালিক পলাশ কুন্ডু। সেনা অভিযানের খবর পেয়ে তিনি পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে হাতেনাতে ধরা পড়েন পিনাক ও শুভ।
তল্লাশিতে দোকান থেকে ৪০টি চোরাই মোবাইল, ৫ বোতল বিদেশি মদ, ৯টি বিয়ার ক্যান, ১৮টি বিদেশি চাকু, ১৯টি দেশীয় অস্ত্র ও ৩টি হকিস্টিক উদ্ধার করা হয়।
জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



