
ছবি : সংগৃহীত
পর্যটন সংবাদ ডেস্ক : বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া শিগগিরই আগের স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে—এমন আশাব্যঞ্জক বার্তা দিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস। তিনি জানান, বর্তমানে সীমিত পরিসরে মেডিক্যাল ও ডাবল এন্ট্রি ভিসা চালু থাকলেও পর্যটনসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা পুনরায় চালুর জন্য জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার বিকেলে সিলেট জেলা প্রেস ক্লাব-এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, সব ধরনের ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনাই লক্ষ্য। প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি ও নীতিগত অগ্রগতিও এগোচ্ছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, গণ-অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশিদের জন্য ভারত ভিসা প্রক্রিয়া উল্লেখযোগ্যভাবে সীমিত হয়ে পড়ে। মেডিক্যাল ভিসা ছাড়া প্রায় সব ক্যাটাগরির ভিসা বন্ধ থাকায় ভ্রমণ, শিক্ষা ও বাণিজ্যিক যোগাযোগে প্রভাব পড়ে।
নির্বাচিত সরকার গঠনের পর দুই দেশের সম্পর্ক নতুন গতি পেতে পারে—এমন প্রত্যাশার কথা জানান সাধারণ নাগরিকরাও।
এ বিষয়ে অনিরুদ্ধ দাস বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে গড়ে উঠেছে। দুই দেশের মানুষের বন্ধনই এই সম্পর্কের সবচেয়ে শক্ত ভিত। ইতিহাস, সংস্কৃতি ও চিন্তা-চেতনায় দীর্ঘদিনের মিল দুই দেশের সম্পর্ককে স্থিতিশীল ও ইতিবাচক রাখবে বলেও মন্তব্য করেন তিনি।



