দেশে ফেরেননি সাকিব, যা বললেন ফাহিম

পাকিস্তান সিরিজ শেষে দেশে ফেরেননি সাকিব আল হাসান। সবশেষ দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ইতিহাস গড়া সিরিজ শেষে দেশে ফিরছে বাংলাদেশ দল। তবে পাকিস্তান থেকেই ইংল্যান্ডে উড়াল দিয়েছেন সাকিব আল হাসান। ইংল্যান্ডে গিয়েছেন কাউন্টি খেলতে। সারের হয়ে সেখানে একটি ম্যাচ খেলবেন তিনি।

সারের হয়ে এখন মাত্র একটি ম্যাচ খেললেও দলটির সঙ্গে চার ম্যাচের জন্য চুক্তি করেছিলেন সাকিব। বিসিবিও সাকিবকে সেভাবে অনাপত্তিপত্র দিয়েছিল। তবে ভারত সিরিজে খেলায় সারের হয়ে এক ম্যাচের বেশি খেলতে পারবেন না সাকিব।

আগামী ১৫ সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ দল। ভারতে সেদিনই সাকিবেরও যোগ দেওয়ার কথা দলের সঙ্গে। কিন্তু ভারত সফরের পরই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। দেশের মাটিতে দলের সঙ্গে থাকবেন কিনা সাকিব? এমন প্রশ্নের জবাবে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘সাকিব ইংল্যান্ড থেকে ভারতে আসবে খেলতে, আপাতত আমরা সেটুকুই জানি। সেটুকুর মধ্যে থাকতে চাই।’

একইদিনে মিরপুরে চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে ফাহিম জানান, ‘হেড আসবে, এখানেই আসবে।’ এরপর ভারত সিরিজকে সামনে রেখে দলের অনুশীলন নিয়ে ফাহিম বললেন, ‘ইনজুরির কোনো সমস্যা নাই আমি যতটুক জানি। পুরো দলকেই পাওয়া যাবে, সাকিব কাউন্টি খেলতে গেছে, আর বাকি সবাই থাকবে।’

আগামী ১৯ তারিখ থেকে ভারতের মাটিতে শুরু হবে বাংলাদেশ ও ভারতের দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ। কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে দুই দলের খেলার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকালে ১০টায়।

এরপরেই টি-টোয়েন্টি সিরিজ। ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৯ ও ১২ অক্টোবর। এই সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।

পর্যটন সংবাদ/

Read Previous

১১ ট্রিলিয়ন ডলারের বিশ্ব পর্যটন শিল্প

Read Next

বিশ্বের সবচেয়ে বড় আইফোন তৈরি করে বিশ্বরেকর্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular