
পর্যটন সংবাদ ডেস্ক: সারা দেশের আটটি বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টিপাতের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও এর একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
রোববার (১৩ জুলাই) সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে।
এই প্রাকৃতিক পরিস্থিতিতে পর্যটকদেরকে ভ্রমণের সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ। বিশেষ করে পাহাড়ি এলাকা, নদী তীরবর্তী অঞ্চল কিংবা খোলা জায়গায় ভ্রমণের ক্ষেত্রে আবহাওয়ার পূর্বাভাস দেখে পরিকল্পনা করার আহ্বান জানানো হয়েছে।
পর্যটন সংশ্লিষ্টরা আশা করছেন, বৃষ্টির কারণে প্রাকৃতিক দৃশ্য আরও মনোরম হয়ে উঠবে, তবে নিরাপত্তা নিশ্চিত করেই ভ্রমণ করা প্রয়োজন।
সূত্র: আবহাওয়া অধিদপ্তর
/ নাদিয়া আক্তার



