
পর্যটন সংবাদ ডেস্ক: দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ ড. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রংপুরের কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। সেই সঙ্গে দেশের সর্বত্র দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ বর্তমানে রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
আবহাওয়ার এই পরিস্থিতির কারণে ভ্রমণ কিংবা পর্যটনে বের হওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। হঠাৎ দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি নামতে পারে, বিশেষ করে রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।



