
রাঙ্গামাটি প্রতিনিধি। পর্যটন সংবাদ: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গামাটিতে এক অনন্য উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পূজা উদযাপন কমিটি ও জন্মাষ্টমী উদযাপন কমিটির শীর্ষ নেতাদের সঙ্গে যৌথ মতবিনিময় সভা করে দলটি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বার্তা দিয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাঙ্গামাটি শহরের জামায়াত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলীম এবং পরিচালনা করেন সেক্রেটারি মনছুরুল হক। সভায় উভয় সম্প্রদায়ের নেতারা আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনের আহ্বান জানান।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের নয়, বরং এটি বাংলাদেশের সবার উৎসব। অধ্যাপক আব্দুল আলীম বলেন, আমাদের সংস্কৃতির বহু উৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে উদযাপন করে। এই সম্প্রীতি আগামীতেও অটুট থাকবে। তিনি আরও আশ্বাস দেন, পূজাকে ঘিরে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দলটি সর্বদা সজাগ থাকবে এবং প্রশাসনকে সহযোগিতা করবে।
সভায় উপস্থিত ছিলেন জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সালাম, পৌর আমির হাফেজ আবুল বাসার, অ্যাডভোকেট জিল্লুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অন্যদিকে, পূজা উদযাপন কমিটি ও জন্মাষ্টমী উদযাপন কমিটির শীর্ষ নেতারাও এ সভায় যোগ দেন। তাদের মধ্যে ছিলেন রাঙ্গামাটি জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক বরুণ চন্দ্র রায়, ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কান্তি মহাজন, সাধারণ সম্পাদক সুব্রত দে, সাংগঠনিক সম্পাদক নন্দন দেবনাথ ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি দয়াল দাস। এছাড়া শহরের ১৩টি পূজা মণ্ডপের নেতারাও সভায় উপস্থিত ছিলেন।
পূজা উদযাপন কমিটির নেতারা জামায়াতের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে। তারা আশা প্রকাশ করেন, অন্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকেও এই ধরনের উদ্যোগ উৎসাহিত করবে।



