পর্যটন সংবাদ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিবেশী দেশের প্রতি সৌহার্দ্যের নিদর্শন হিসেবে ভারতে উপহার পাঠিয়েছে বাংলাদেশ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সুগন্ধি চিনিগুড়া চালভর্তি একটি পিকআপ ভ্যান ভারতের আগরতলার আন্তর্জাতিক স্থলবন্দরে প্রবেশ করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে পাঠানো এই উপহারের পরিমাণ ৫০০ কেজি। চালগুলো ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে পৌঁছাবে। সেখান থেকে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হবে।
সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল-এর স্বত্বাধিকারী রাজীব ভূইয়া জানান, প্রতিবছরই বাংলাদেশ সরকার পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে বিশেষ উৎসবে উপহার পাঠায়। এবারের দুর্গাপূজায় উপহার হিসেবে চিনিগুড়া চাল বেছে নেওয়া হয়েছে।
বাংলাদেশের এই উদ্যোগ দুই দেশের মধ্যে সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধনকে আরও ঘনিষ্ঠ করার প্রতীক বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।



