ত্রয়োদশ জাতীয় নির্বাচন সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম

পর্যটন সংবাদ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অনুষ্ঠিত সব নির্বাচনের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে কোর প্রশিক্ষকদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

আনোয়ারুল ইসলাম বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিকল্প নেই। জীবন ঝুঁকিতে পড়লেও ভোটে কারচুপি, ফাঁকিবাজি বা ধোঁকাবাজি কোনোভাবেই বরদাশত করা হবে না। কমিশন এবং মাঠপর্যায়ের সবাইকে এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক স্মৃতি বা ‘ইনস্টিটিউশনাল মেমোরি’ দুর্বল হয়ে যাওয়ায় অনেক সময় কমিশন নানা সমস্যায় পড়ছে। তাই কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও গোপনীয়তা রক্ষার ওপর জোর দেন তিনি।

তার মতে, ভালো নির্বাচন ছাড়া দেশের সামনে দ্বিতীয় কোনো বিকল্প নেই। এ নির্বাচনে প্রিজাইডিং অফিসাররাই হবে মূল কেন্দ্রবিন্দু। তাদের সাহসী, সৎ ও দক্ষ করে তুলতে পারলেই প্রতিটি ভোটকেন্দ্র সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব।

প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের সম্ভাব্য সব সমস্যার তালিকা তৈরি করে সমাধানের পথ নির্ধারণ করতে হবে। তাহলেই একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা যাবে।

Read Previous

শ্রীপুরে মাদরাসা শিক্ষার্থীকে গরম খুন্তির ছ্যাঁকা, সুপারের বিরুদ্ধে অভিযোগ

Read Next

নওগাঁয় গণঅধিকার পরিষদে ভাঙন: শতাধিক নেতাকর্মীর একযোগে পদত্যাগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular