১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে মাদরাসা শিক্ষার্থীকে গরম খুন্তির ছ্যাঁকা, সুপারের বিরুদ্ধে অভিযোগ

পর্যটন সংবাদ ডেস্ক: মাগুরার শ্রীপুরে এক মাদরাসা শিক্ষার্থীকে ভয়াবহ নির্যাতনের অভিযোগ উঠেছে। খাবার আনতে দেরি হওয়ায় মাদরাসা সুপারের নির্দেশে তাকে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়া হয় বলে অভিযোগ করেছে ভুক্তভোগী।

বুধবার (২৭ আগস্ট) রাতে উপজেলার নাকোল-কমলাপুর দারুল উলুম ইসলামি মাদরাসায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার শিক্ষার্থীর নাম জুনায়েদ হোসেন (১২)। সে মাগুরা শহরের আদর্শপাড়ার বাসিন্দা সুজন মিয়ার ছেলে।

পরিবারের অভিযোগ, ঘটনার পর গুরুতর অসুস্থ হয়ে পড়লেও জুনায়েদকে চিকিৎসা না দিয়ে মাদরাসায় আটকে রাখা হয় এবং বিষয়টি কাউকে না জানানোর হুমকি দেওয়া হয়। পরে বৃহস্পতিবার দুপুরে সুযোগ পেয়ে জুনায়েদ পালিয়ে বাড়ি ফিরে আসে। ওইদিন বিকেলে তার বাবা নাকোল পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন।

জুনায়েদ জানায়, রাত ৯টার দিকে খাবার নিয়ে ফিরলেও সুপার মাওলানা আবু সাইদ দুই শিক্ষার্থী ওয়ালিদ ও সিজানকে দিয়ে তাকে বেঁধে ফেলে। এরপর মুখে বালিশ চাপা দিয়ে কাপড় খুলে শরীরে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়া হয়। এ সময় ঘটনাটি প্রকাশ করলে আরও মারধরের হুমকি দেওয়া হয়।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সুপার মাওলানা আবু সাইদ নিজের জড়িত থাকার কথা অস্বীকার করেন। তিনি দাবি করেন, রাতে মাদরাসায় তালা দিয়ে নিজ কক্ষে যান, তাই এ ধরনের ঘটনার বিষয়ে তিনি জানেন না।

নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মুকুল হোসেন জানান, অভিযোগ হাতে পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Read Previous

এলা: শ্রীলঙ্কার পাহাড়ি শহরে পর্যটনের স্বর্গ

Read Next

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular