তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্তের পথে, মাঠপর্যায়ের কাজ শেষ: উপদেষ্টা রিজওয়ানা হাসান

সৈয়দা রিজওয়ানা

ফাইল ছবি

নীলফামারী প্রতিনিধি, পর্যটন সংবাদ: তিস্তা নদী ও তৎসংলগ্ন অঞ্চলকে ঘিরে বহুল প্রত্যাশিত ‘তিস্তা মহাপরিকল্পনা’ চলতি বছরের শেষ নাগাদ চূড়ান্ত হতে যাচ্ছে। ইতোমধ্যে মাঠপর্যায়ের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, “তিস্তা মহাপরিকল্পনা মূলত বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগ। কাজেই এটি চূড়ান্ত করতে উভয় দেশের সম্মতির প্রয়োজন রয়েছে। তবে আমরা ইতোমধ্যে অনেকটাই এগিয়ে গেছি।”

তিনি বলেন, আগামী ১৭ জুলাই প্রকল্প সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে বসে পাঁচটি মূল বিষয়ের ওপর চূড়ান্ত আলোচনা হবে। এই আলোচনার ভিত্তিতে সুপারিশ সরকারে পাঠানো হবে। সরকারের অনুমোদনের পর প্রস্তাবটি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ERD) মাধ্যমে চীনা কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। চীনের মূল্যায়ন শেষে চূড়ান্ত প্রতিবেদন পাওয়া গেলে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করা যাবে।

তিস্তা মহাপরিকল্পনা শুধু পানি ব্যবস্থাপনা নয়, বরং অঞ্চলটির অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়নেরও একটি বিস্তৃত দিক নির্দেশনা বহন করছে। বিশেষ করে তিস্তা অববাহিকাকে ঘিরে পর্যটন খাতের সম্ভাবনাও এই প্রকল্পের মাধ্যমে নতুন দিগন্তে পৌঁছাতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পরে উপদেষ্টা রিজওয়ানা হাসান সড়কপথে কুড়িগ্রামের উদ্দেশে রওনা দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকীসহ পরিবেশ ও পানি উন্নয়ন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

Read Previous

 এয়ার ইন্ডিয়ার ভয়াবহ দুর্ঘটনার পর ভারতের সব বোয়িং বিমানে জ্বালানি সুইচ পরীক্ষার নির্দেশ

Read Next

বাংলাদেশ সেনাবাহিনীতে নার্স পদে নিয়োগ, আবেদন চলবে ২ আগস্ট পর্যন্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular